নারীদের ফ্যাশনের নতুন অনুষঙ্গ হিসেবে ব্যবহূত হচ্ছে বোরকা-হিজাব। ঈদকে ঘিরে সেই হিজাব-বোরকার দোকানেও চলছে ব্যাপক বেচাকেনা। তবে অতীতে নারীরা তা পর্দার জন্যে ব্যবহার করলেও বর্তমানে সেই ধারণার পরিবর্তন এসেছে। এখন হিজাব ব্যবহূত হচ্ছে ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে। ছোট-বড়, শিশু কিংবা কিশোরী সবাই অনায়াসেই হিজাব পরিধান করছে। এটি আধুনিক নারীদের ফ্যাশনের ট্রেন্ড হয়ে উঠেছে। এবছর ইরানি ও পাকিস্তানি বোরকা হিজাবের বেচাকেনা বেশি।
মার্কেটগুলো ঘুরে দেখা যায় প্রতিটি ছোট-বড় শপিংমলে হিজাবের দোকান রয়েছে। সেখানে বিভিন্ন দামের বিভিন্ন ধরনের হিজাব পাওয়া যাচ্ছে।
বর্তমানে বোরকার আকার ও নকশায় এসেছে ব্যাপক পরিবর্তন। কিছুদিন আগেও নারীদের পছন্দের তালিকায় ছিল ঢিলেঢালা বোরকা। কিন্তু বর্তমানের বোরকা বিদেশি পোশাক ফ্লোরটাচ গাউনের মতো। সেই বোরকায়ও রয়েছে রকমারি নকশা। নাজমুল আহমেদ নামে একজন বিক্রেতা বলেন, ঈদকে ঘিরে বোরকা ও হিজাবের বেচাকেনা বেড়েছে। তবে এই বেচাকেনা চলবে চাঁদ রাত পর্যন্ত। আমরা আধুনিক নারীদের কথা মাথায় রেখে নানা ডিজাইনের ও রঙের হিজাব-বোরকা এনেছি। এরমধ্যে ইরানি ও পাকিস্তানি বোরকা বিক্রি হচ্ছে বেশি। অন্য একজন দোকানি সাইফুল আলম বলেন, একেকটি ইরানি বোরকার দাম আড়াই হাজার টাকা থেকে ৮ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। তবে কাপড় ভেদে দাম আরো বাড়তে পারে বলে জানান তিনি।
নারীদের হিজাব ব্যবহারের ব্যাপকতা বাড়ার সঙ্গে সঙ্গে হিজাব পরিধানের আনুষঙ্গিক জিনিসের ব্যবহারও বেড়েছে। যেমন হিজাবের বিভিন্ন ডিজাইনের সেফটিপিন, ব্রুজ, হিজাবে লাগানো স্টোনের ক্লিপ ইত্যাদি।
বাজারে কটন, জর্জেট, সাটিন বা মসলিনসহ নানা ধরনের কাপড়ের হিজাব পাওয়া যাচ্ছে। কাপড়ের মান ও নকশা কারুকাজের উপর ভিত্তি করে হিজাবের দাম পড়বে ২০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত। মার্কেট ভেদে এসব হিজাবের দাম ভিন্ন হয়ে থাকে। ছোট, বড়, কিশোরী ও তরুণী এক কথায় সব বয়সী হিজাব কিনছেন এবং পরছেন। বসুন্ধরা সিটির হিজাব ও বোরকার দোকানে কথা হয় কিশোরী বেহেস্তি খানমের সঙ্গে । তিনি বলেন, আমাকে কেউ হিজাব পরতে বলেনি। কিন্তু আমার হিজাব পরতে ভালো লাগে তাই পরি। তবে অনেক গরম পড়লে কিংবা অনুষ্ঠানে শাড়ি পরলে আর হিজাব পরি না।
ইরানি বোরকা দোকানে কথা হয় ঊর্মি আক্তারের সঙ্গে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ওই শিক্ষার্থী বলেন, নিজেকে মার্জিতভাবে উপস্থাপন করতে আমি হিজাব পরি। তাছাড়া বোরকা পরলে নিত্য নতুন জামার প্রয়োজন পড়ে না। শুধু রঙিন হিজাব আর দু-একটা বোরকা হলেই চলে। যে কোনোখানে বোরকা এখন বেশ মানানসই। তাই বোরকা পরি।

