ভোলার তজুমদ্দিনের মেঘনায় ভরা মৌসুমে আশানুরূপ ইলিশ পাওয়া না গেলেও ভাগ্যবান এক জেলের জালে ধরা পড়েছে রাজা ইলিশ। গতকাল শুক্রবার দুপুরে শশীগঞ্জ মাছঘাটে গিয়ে দেখা যায়, আবুল হাশেম মহাজনের আড়তে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ বিক্রি হয়েছে ১০ হাজার ৩০০ টাকায়। চাঁদপুর ইউনিয়নের দালালকান্দি গ্রামের কবির মাঝির জালে রাজা ইলিশটি সকালে ধরা পড়ে।
রাজা ইলিশসহ তাদের জালে আরো ৯টি ইলিশ ধরা পড়েছে। ওই ঘাটের মাছ বেপারি আল আমিন কুট্টি ঢাকায় আরো বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মাছটি ১০ হাজার ৩০০ টাকায় খরিদ করেন। তজুমদ্দিন উপজেলা মত্স্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, মত্স্য সম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। অবৈধ জালের ব্যবহার বন্ধ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে এর সুফল জেলেরাই পাবেন।

