বক্সিং ডে টেস্টে ফিলান্ডারের পরিবর্তে নবাগত প্যাটারসন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৫:০৫

পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ইনজুরি আক্রান্ত ভারনন ফিলান্ডারের স্থানে ডাক পেয়েছেন নবাগত পেসার ডেন প্যাটারসন। বুধবার থেকে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়ানে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পাওয়ায় ফিলান্ডার প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েছেন।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নির্বাচক কমিটির প্রধান লিন্ডা জোন্ডি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৯ বছর বয়সী প্যাটারসনের প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ পারফরমেন্সই তাকে টেস্ট দলে জায়গা করে দিয়েছে। এ পর্যন্ত ২৩.৫৬ গড়ে প্যাটারসনের সংগ্রহে রয়েছে ৩২১টি প্রথম শ্রেণির উইকেট।

জোন্ডি বলেন, ‘আমরা প্রায়ই তার খেলা লক্ষ্য করেছি। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরেই সে দারুণ ধারাবাহিকতা বজায় রেখেছে। প্রথম টেস্টে ব্যাক-আপ হিসেবে তাকে দলে ডাকা হয়েছে।’

এদিকে লুঙ্গি এনগিদির স্থানে ইতোমধ্যেই ডুয়ানে অলিভারকে টেস্ট দলে ডাকা হয়েছে। হাঁটুর অস্ত্রোপচারের কারণে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এনগিদিকে বিশ্রামে থাকতে হবে। টেস্ট দলে জায়গা না হলেও প্যাটারসন তিনটি ওয়ানডে ও আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন।

ডেল স্টেইন, কাগিসো রাবাদা ও অলিভারকে নিয়ে সাজানো দক্ষিণ আফ্রিকার পেস বোলিং বিভাগে জায়গা করে নিতে প্যাটারসনকে হয়ত আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে।

ইত্তেফাক/কেআই