আসন্ন এশিয়া কাপের ভেন্যু নিয়ে ধোঁয়াশা কাটছেই না। চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের পঞ্চম আসর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবার কথা ছিলো। কিন্তু ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে রাজি নয় বিশ্ব মোড়ল খ্যাত ভারত। এমতাবস্থায় এশিয়া কাপের সম্ভাব্য ভেন্যুর কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।
এশিয়া ক্রিকেট কাউন্সিলের সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের মাঠে এশিয়া কাপ অনুষ্ঠিত হবার কথা থাকলেও এ নিয়ে ধোঁয়াশা চলছে। পাকিস্তানের মাটিতে খেলতে রাজি নয় ভারত। আর ভারত যদি না খেলে তাহলে টুর্নামেন্টের অনেক কিছুই আলো অনেকটাই হালকা হয়ে যাবে। এশিয়া কাপের ভেন্যু নিয়ে আগামী তিন মার্চ দুবাইয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক।
সেখানে যোগ দিতে যাওয়ার আগে ইডেন গার্ডেনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিসিআই প্রেসিডেন্ট গাঙ্গুলী। এসময় আসন্ন এশিয়া কাপে ভারত ও পাকিস্তান দুই দলই খেলবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া আসন্ন এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন বিসিসিআই প্রধান। যদিও এখন পর্যন্ত এ নিয়ে কোন আনুষ্ঠানিক ভাবে কোন সিদ্ধান্ত আসেনি।
২০০৮ সালে শেষ বারের মতো এশিয়া কাপের আয়োজক হয়েছিল পাকিস্তান। পরের বছর সেখানে খেলতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয় শ্রীলংকা। এরপর দীর্ঘদিন কোনো ধরনের আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়নি দেশটির মাটিতে। তবে বিগত কয়েক বছর বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ সফলতার সঙ্গে আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ইত্তেফাক/এসআই

