বেতন কাটা যাচ্ছে মেসির

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৫

লিওনেল মেসি ক্লাব ছাড়বেন জানানোর পর থেকেই আর্জেন্টাইন তারকার সঙ্গে অচলাবস্থা চলছে বার্সেলোনার। এরই জের হিসেবে গত রবিবার বিকালে অনুশীলনপূর্ব বাধ্যতামূলক করোনা পরীক্ষায় যাননি মেসি। তাতে পরিস্থিতির আরো অবনতি হয়েছে এবং জানা গেছে এরই জের হিসেবে প্রতিদিন হিসাবে বেতনও কাটা যাচ্ছে ছয় বারের ব্যালন ডি’অর বিজয়ীর।

আর্জেন্টাইন এই তারকা দল ছাড়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। স্প্যানিশ সংবাদমাধ্যম অন্দা কেরো, সাংবাদিক আলফ্রেদো মার্তিনেজসহ আরো বেশ কিছু মাধ্যম জানাচ্ছে, মেসিপক্ষের দাবি তার চুক্তিতে শেষ বছরে ৭০ কোটি ইউরোর রিলিজ ক্লজ বিলুপ্ত হওয়ার ধারা আছে। যার ফলে তিনি চাইলেই এখন ক্লাব ছাড়তে পারবেন।

কিন্তু বার্সেলোনা তাদের অবস্থানে অটল। ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তোমিউ আগেই জানিয়েছিলেন, রিলিজ ক্লজের সমপরিমাণ অর্থ না পেলে মেসিকে ছাড়বেনই না। এমনকি বিনা মূল্যে ক্লাব ছাড়া নিয়ে মেসির দুই দফা আলোচনার অনুরোধও প্রত্যাখ্যান করেছে ক্লাবটি।

লা লিগা কর্তৃপক্ষও গত রবিবার এক বিবৃতিতে কাতালান দলটির পক্ষে অবস্থান নেয়। সেখানে বলা হয়, ক্লাবকে জানানোর সময় শেষ হয়ে যাওয়ায় ব্যুরোফ্যাক্স মারফত দেওয়া নোটিশের পরও চুক্তি শেষ হয়নি মেসির। যেতে হলে দলবদল অর্থ দিয়ে তবেই ছাড়তে হবে ক্লাব।

বিনা মূল্যে ক্লাব ছাড়ার একটা সুযোগ অবশ্য মেসির আছে। ইএসপিএন জানাচ্ছে, সেক্ষেত্রে আর্জেন্টাইন তারকা আগামী মৌসুমে খেলতে পারবেন না কোথাও, এমনটাই দাবি বার্সেলোনার।

তবে মেসির ভাবনা, চুক্তির ধারা অনুযায়ী ‘মৌসুম শেষে’ ক্লাবকে বিদায়ের কথা জানিয়ে দেওয়ার ফলে তার চুক্তিটি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।

এ কারণেই অনুশীলনপূর্ব করোনা পরীক্ষায় আসেননি তিনি। একই ধারাবাহিকতায় গতকালের অনুশীলনেও যোগ দেননি বার্সা অধিনায়ক। এ কারণে আর্জেন্টাইনটির প্রতিদিনকার বেতনও কাটা যাচ্ছে বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো। হারাচ্ছেন ১ লাখ ১০ হাজার ইউরো সমপরিমাণ অর্থ।

তবে আজ মঙ্গলবার মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি বার্সেলোনায় এসে ক্লাবের সঙ্গে আলোচনায় বসার কথা। তখন অচলাবস্থা নিরসনের একটা সম্ভাবনা আছে বলে ধারণা করছে স্প্যানিশ সংবাদ মাধ্যম।

এদিকে ম্যানচেস্টার সিটি মেসিকে দলে টানার ঘোষণার যোগাড়যন্তর প্রায় চূড়ান্ত করে ফেলেছে বলে খবর দিয়েছে ইংলিশ সংবাদ মাধ্যম। বলা হচ্ছে আর্জেন্টাইনকে দলে টানতে পাঁচ বছরে প্রায় ৫০ কোটি ইউরো দিতে চায় সিটি। সেজন্য অবশ্য মেসি ও বার্সেলোনার মধ্যকার দ্বন্দ্ব নিরসন হতে হবে।

ইত্তেফাক/এসআই