মেসিকে অভিনন্দন পেলের

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১২:৩২

ফুটবলের কোনো রেকর্ডেই একাধিপত্য থাকে না, সেটা আরও একবার প্রমাণ করলেন আর্জেন্টিনা ও বার্সা সেনসেশন লিওনেল মেসি। এবার ছুঁয়ে দিলেন ‘কালো মানিক’ খ্যাত সর্বকালের অন্যতম সেরা পেলেকে। এক ক্লাবের হয়ে গড়লেন যৌথভাবে ৬৪৩ গোল করার রেকর্ড। এরপর বার্সেলোনা অধিনায়ককে অভিনন্দন জানাতে ভুলেননি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার।

পেলের রেকর্ডটি ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে। সেখানে তিনি সর্বোচ্চ ৬৪৩ গোল করেন। গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) লা লিগায় ভ্যালেন্সিয়ার জালে বল পাঠিয়ে সাবেক ফুটবলারের রেকর্ডে ভাগ বসান মেসি।

তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলে লিখেছেন, ‘অভিনন্দন মেসি। কোনো কিছুর প্রতি ভালোবাসা হৃদয়কে পরিপূর্ণ করে তুললে তা এড়িয়ে চলা বা সে পথ বদলানো অনেক কঠিন। যেখানে নিজ বাড়ির মতো অনুভূতি পাওয়া যায়, সেখানকার মতো আপন অন্য কিছু হতে পারে না।’

পেলে বলছেন, তার এবং মেসির মতো একই ক্লাবে দীর্ঘদিন থাকার উদাহরণ তিনি কমই দেখেছেন, ‘মেসির প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। ওর আর আমার মতো দীর্ঘদিন একই ক্লাবকে ভালোবেসে থেকে যাওয়ার নজির খুব কম আছে।’

ইত্তেফাক/টিআর