আয়নায় মুখ দেখাদেখি চায় না বিসিবি

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২০:৪৮

সত্তুর দশকের জনপ্রিয় গান ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন/কপোলের কালো তিল পড়বে চোখে’ রাজ্জাক-শবনম অভিনীত জনপ্রিয় এই গানটি এখনো শ্রোতাদের মুখে মুখে শোনা যায়। এর পরও আয়না কথাটা প্রচলিত। রাগ করে হোক আর ঝড়গা করেই হোক। প্রতিপক্ষের অপরাধ আছে-এমনটি বুঝাতেও রাগ করে একজন আরেকজনকে বলেন আয়নায় নিজের মুখ দেখো। কিন্তু খেলার মাঠে আয়না নিয়ে কথা ওঠেনি। অথচ এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচিত হয়ে উঠছে আয়না।

বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে লেজেগোবরে পারফরম্যান্স করেছে। দেশের ক্রিকেটানুরাগীরা ক্ষুব্দ। যারা বাংলার ক্রিকেটারদের ভালোবাসেন সেই সব চরিত্রগুলোই ক্রিকেটারদের সমালোচনা করেছেন। সমালোচনার আগুনে ঘি ঢেলেছেন মুশফিকুর রহিম। সমালোচকদের উদ্দেশ্যে বললেন ,‘যারা এরকম কথা বলে তাদের নিজেদের মুখটা আয়নায় দেখে নেওয়া উচিত। কারণ তারা বাংলাদেশের পক্ষে খেলে না। আমরাই খেলি।’

ব্যাটিংয়ে ভালো শুরু না হওয়াতেই পরাজয়, বলছেন রিয়াদ

সমালোচনা শুনতে পছন্দ করেন না ক্রিকেটারারা। ভক্তরা ভালোবাসলে সেটি গ্রহন করবেন আর গালমন্দ ও সমালোচনা করলে সেটি গ্রহন করবেন না, এই মনমাসিকতা পেশাদারিত্বে পড়ে না বলে মন্তব্য টিভির পর্দায় টকশোতে আসা সাবেক ক্রিকেটারদের। তারা বলছেন, অন্যরা সমালোচনা করুক। খেলোয়াড়রা সেদিকে না কান দিয়ে খেলায় মনোনিবেশ করলেই ভালো। ভারতের কিংবদন্তী শচীন টেন্ডুলকার শত কোটি মানুষের চাপ সামাল দিয়ে ২২ গজে লড়াই করেছেন। পারফরম্যান্স ভালো হয়নি বলে শচীনের বাড়িতেও হামলা হয়েছিল।

বিসিবির পরিচালক জালাল ইউনুস এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, ‘একজন প্লেয়ার আয়নায় চেহারা দেখতে বলেছে। ওদিকে মনযোগ না দেওয়াটাই ভালো। এটা আমাদের জন্য খুবই বিব্রতকর। এটা সবার জন্যই বিব্রতকর।  আমরা চাই তারা (খেলোয়াড়রা) পাবলিক প্লেসে গিয়ে কমেন্ট না করুক।’

No description available.

ওমান এবং পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করার পর বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যেও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, সমালোচনা করে কেউ যদি কাউকে ছোট করে ফেলে তখন খারাপ লাগে। আর টিভি সাক্ষৎকারে বিসিবি সভাপতি বলেছেন, ‘এটা যদি মনে করে আমি যাই করি কেউ কিছু বলবে না। এটা ভুল। প্রশ্নই ওঠে না। আবার ভুল করলে আবার বলা হবে।’

সংবাদ মাধ্যমকে জালাল ইউনুস জানিয়েছেন, বিসিবি হতে আমরা দলের সঙ্গে  থাকা মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাকে জানিয়েছি, খেলোয়াড়রা যেন এ ধরনের কোনো কমেন্ট করা হতে বিরত থাকেন।’

খেলোয়াড়দের মন্তব্যে সোশ্যাল মিডিয়া উত্তাল, এর পরই আবার ইংল্যান্ডের কাছে লজ্জার হার। ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছিলেন ব্যাটিং পিচ আসবে, তাই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই একই পিচে খেলে ইংল্যান্ডের ক্রিকেটাররা রানের ঝড় তুললেন, ম্যাচ জিতলেন ৬ উইকেটে। এবার কারা আয়নায় মুখ দেখবেন। ক্রিকেট বিশেষজ্ঞদের পরামর্শ সমালোচনা ভুলে খেলায় ফোকাস করুক সবাই।

ইত্তেফাক/টিএ