দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে বাদ এমএস ধোনি

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ০০:৫০

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজের ১৫ জনের দলে রাখা হয়নি এমএস ধোনিকে। বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমারকে। দলে ফিরলেন হার্দিক পান্ডিয়া।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ধোনি দুই মাসের বিশ্রাম চেয়েছিল বোর্ডের কাছে। মনে করা হয়েছিল দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে ফিরবেন। কিন্তু তেমনটা হলো না। এই মুহূর্তে তিনি আমেরিকায় ছুটি কাটাচ্ছেন। এটা এখনও নিশ্চিত নয় নির্বাচকরা আদৌ দল বেছে নেওয়ার আগে ধোনির সঙ্গে কথা বলেছিলেন কি না। 

নভদীপ সাইনি, দীপক চাহার ও খলিল আহমেদকে দলে রাখা হয়েছে বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসেবে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য জন্য হার্দিককে বিশ্বকাপের পর দীর্ঘ ছুটি দেওয়া হয়েছিল। সামান্য চোটও ছিল। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য ভারতীয় দল: 

বিরাট কোহলি (অধিনায়ক), রোহতি শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে,  ঋষভ পান্থ (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা,কুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, খলিল আহমেদ, দীপক চাহার, নভদীপ সাইনি। 

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের যে দল ৩-০তে টি২০ সিরিজ জিতে নিয়েছিল সেই দলে প্রায় কোনো পরিবর্তন করেননি নির্বাচকরা। 

১৫ সেপ্টেম্বর ধর্মশালায় প্রথম টি২০ ম্যাচ খেলতে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৮ ও ২২ সেপ্টেম্বর।

সূত্র: পিটিআই, এনডিটিভি

ইত্তেফাক/অনি