সিলেটের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে শতবর্ষ আগে আজকের দিনে (৫ নভেম্বর) সিলেট এসেছিলেন। তার আগমনের শতবর্ষ সিলেট স্মরণ করছে আনন্দোৎসবের মধ্য দিয়ে।
মঙ্গলবার বিকেলে সিলেটের ঐতিহ্যবাহী ক্বিন ব্রিজ এলাকায় কবিগুরুর ম্যুরাল উন্মোচনের মাধ্যমে উৎসবের মূল পর্ব শুরু হয়। এর উদ্বোধন করেন ‘সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব উদযাপন পর্ষদের’ আহ্বায়ক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পরে সিলেটের অর্ধ সহস্রাধিক শিল্পীরা পরিবেশন করে নাচ, আবৃতি ও সঙ্গীত। চার দিন ব্যাপী আয়োজনে আনন্দে ভাসছে সিলেট।

দুপুরে এ উপলক্ষে নগরীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। শোভাযাত্রার উদ্বোধনকালে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কবিগুরুর সিলেট আগমনের ইতিহাস তুলে ধরে বলেন, ‘বিশ্বকবি সিলেট আগমনের শতবার্ষিকীর এই অনুষ্ঠান-সারাজীবন মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।’
রবীন্দ্র আগমনের সেই ঐতিহাসিক ঘটনাকে মঙ্গলবার সকালে বিশেষভাবে স্মরণ করেছে শ্রীহট্ট ব্রাহ্ম সমাজ। সকাল সাড়ে ৮টায় বন্দরবাজার এলাকার ব্রাহ্ম মন্দিরে ‘শব্দে ছন্দে রবীন্দ্র স্মরণ' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল ৭টায় চাঁদনীঘাটে রবি ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রীহট্ট ব্রাহ্মসমাজের আয়োজনে সুরমা নদীর চাঁদনীঘাটে রবীন্দ্রনাথের আগমনের ক্ষণ স্মরণে পুষ্প বর্ষণের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয়।

এদিকে, সোমবার রাতেই ঐতিহাসিক ‘ক্বিন ব্রিজ’ এলাকায় অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। তোড়ন নির্মাণসহ নানা সজ্জা ও আলোঝমলে করা হয় ক্বিন ব্রিজ এলাকা। আঁকানো হয় নানান আল্পনা।
ইত্তেফাক/এসি

