সদস্য বাড়াতে জেএমবির টার্গেট রোহিঙ্গারা

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৮:৫৩

দেশে জঙ্গি কর্মকাণ্ড বিস্তার ঘটাতে রোহিঙ্গাদের টার্গেট করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। উদ্দেশ্য, রোহিঙ্গাদের দলে অন্তর্ভুক্ত করে সদস্য বানিয়ে জঙ্গি তৎপরতা বৃদ্ধি করা। জেএমবি ইতিমধ্যে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাজ শুরু করেছে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকা থেকে জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটকের পর এ তথ্য জানিয়েছে র‍্যাব-৭।

ভোরে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জঙ্গি লিফলেট ও জিহাদি বইসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।

আটক দুইজন হলেন-রাজশাহী জেলার গোদাগাড়ী থানার আব্দুর রহিমের ছেলে আব্দল্লাহ আল সাঈদ (৩৫) ও কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প-১ এর বাসিন্দা আব্দুল নবীর ছেলে মো. ইসমাইল (৩৩)।

সহকারী পুলিশ সুপার ও র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানিয়েছেন, গোপনে ওই দুইজনের অবস্থান জানা যায়। জেএমবির সক্রিয় এই দুই সদস্য নিজেদের জিহাদের জন্য প্রস্তুত করতে ও অন্যদেরও জিহাদে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন জিহাদি বই ও লিফলেট নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারের টেকনাফে যাচ্ছিলেন।

আরও পড়ুন: যুদ্ধাপরাধীদের নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কলেজের নাম থাকছে না

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে র‍্যাব। এ সময় বিভিন্ন যাত্রীবাহী বাস তল্লাশিকালে দূর থেকে র‍্যাবের চেকপোস্ট দেখে জেএমবির ওই দুই সক্রিয় সদস্য পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি করে বিপুল পরিমাণ জঙ্গি উস্কানিমূলক লিফলেট এবং কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে । 

ইত্তেফাক/এসি