বগুড়ার শেরপুরে কাফুড়া গ্রামের ব্যবসায়ী আইয়ুব আলীর মুরগীর খামার প্রহরী বাবু মিয়া (২৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৮টায় আইয়ুব আলীর মুরগীর খামারের প্রহরীর থাকার ঘর থেকেই তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের জয়নগর গ্রামের আনিছুর রহমানের ছেলে বাবু মিয়া অনেক দিন যাবৎ কাফুড়া গ্রামের ব্যবসায়ী আইয়ুব আলীর মুরগীর খামার ও মাছের পুকুরে প্রহরীর কাজ করে আসছিলেন। রাতের যেকোনো সময় তিনি তার মুরগীর খামার ঘরের মধ্যেই মারা যান। পরদিন সকালে এলাকাবাসী দেখে শেরপুর থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শেরপুর থানার অফিসার ইনর্চাজ মো. হুমায়ুন কবীর জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বাবু মিয়া বিষক্রিয়ায় মারা গেছে। তবে লাশ ময়নাতদন্ত না করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে না।
ইত্তেফাক/জেডএইচ

