চীফ হুইপের নির্দেশনায় ২০ শয্যার আইসোলেশন, ২৮’শ পরিবারকে ত্রাণ প্রদান

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২২:০৭

জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটনের নির্দেশনায় ২০ শয্যার আইসোলেশন সেন্টারের জন্য মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্ধারণ এবং ১৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ২৮’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায়, চীফ হুইপের নির্দেশনায় শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের হাজী আবুল কাশের উকিল মা শিশু কল্যাণ কেন্দ্রকে ২০ শয্যার আইসোলেশন সেন্টারের জন্য নির্ধারণ করা হয়। শনিবার দুপুরে কেন্দ্রটি পরিদর্শন করেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, ইউএনও মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোসসহ আরো অনেকেই।

এদিকে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন খান বলেন, চীফ হুইপের পক্ষ থেকে শনিবার সকালে ১৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অসহায় দুস্থ, নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষকে ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ ১২৫০টি পরিবারের মাঝে ও জেলা পরিষদ ১৫৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

অপরদিকে এলজিইডি'র শিবচর উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেন বলেন, চীফ হুইপের নির্দেশে নভেল করোনা ভাইরাস প্রতিরোধকল্পে উপজেলা পরিষদ এবং এলজিইডি'র উদ্যোগে শিবচর উপজেলার বিভিন্ন হাট বাজার, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ, এফ.ডবব্লিউ.সি, ইত্যাদি জনবসতিপূর্ণ এলাকায় প্রতিদিনই জীবাণু নাশক স্প্রে করা হচ্ছে।

ইত্তেফাক/আরএ