ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি, মানিকগঞ্জে নারী গ্রেফতার

আপডেট : ০৫ জুন ২০২০, ১৫:২৬

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার দায়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে রাহা মাহমুদা পলি নামে (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে অভিযান চালিয়ে উপজেলার পাড় তিল্লি গ্রামের নিজ বাড়ি থেকে ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। 

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান মিঞা জানান, পলি নামের ওই নারী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে গত ২০ মে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিমূলক পোস্ট দেন। 

এবিষয়ে বৃহস্পতিবার রানা আহমেদ শান্ত নামের এক আইনজীবী সাটুরিয়া থানায় ওই নারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পরে রাতেই ওই মামলায় পলিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই নারীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।

এদিকে অভিযুক্তর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তা নেওয়া যায়নি।

মামলার বাদি জানান, ওই নারী এর আগেও ২৮ মে, ১ ও ২ জুন একই আইডি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের সম্পর্কে মানহানিকর ও অশ্লীল বাক্য প্রয়োগ করে পোস্ট করেছিলেন।

ইত্তেফাক/এসি