রাতভর গৃহবধূকে ঝাড় ফু, সকালে মিলল ঝুলে থাকা লাশ

আপডেট : ১১ জুন ২০২০, ১৬:৪১

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সৈয়দপুরে রাতভর কবিরাজ দিয়ে ঝাড়-ফু দেওয়ার পর সকালে ঘরের ধরনার সঙ্গে গলায় রশি ঝোলানে অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই গৃহবধূর নাম রেজিয়া পারভিন (২৬)। তিন ওই এলাকার ছাদ্দাম হোসেনের স্ত্রী। 

নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, দুই সন্তানের জননী রেজিনা পারভিন বেশ কিছুদিন ধরে শারীরিক দুর্বলতাসহ নানা রোগে ভুগছিল। ভূতে ধরেছে বলে স্বামী ও পরিবার তাকে চিকিৎসকের কাছে না নিয়ে কবিরাজ দিয়ে চিকিৎসা করাচ্ছিলেন। বুধবার (১০ জুন) সন্ধ্যায় পাশের চৌবাড়িয়া গ্রামের কামাল কবিরাজকে ডেকে এনে ঝাড়-ফুসহ নানা অপচিকিৎসা দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার সকালে ঘরের সঙ্গে তার ঝুলে থাকা লাশ দেখতে পেয়ে লোকজন থানায় খবর দেয়। পরে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কেএম রাকিবুল হুদা জানান, মৃত্যুর ঘটনা রহস্যজনক। কারণ জানতে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এসি