ফরিদপুর মেডিকেলের আইসিইউতে করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০২০, ২০:০৮

ফরিদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রদীপ কুমার দত্ত নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই বৃদ্ধ ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তিনি চার কন্যার জনক। মৃত প্রদীপ কুমার ফরিদপুরে লোকাল বাসের টিকিট কাউন্টারের মাস্টার হিসেবে কাজ করতেন । 

২১ জুন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা দেওয়া হয়। ওই দিনই পরীক্ষায় তার করোনা পজেটিভ শনাক্ত হয়। 

আরো পড়ুনঃ করোনায় বেঁচে গেলেও, সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে ফুসফুস!

ওই বৃদ্ধের মেয়ে টুম্পা দত্ত জানান, তার বাবা গত ৮ দিন ধরে অসুস্থ ছিলেন। প্রথমে তার ঠান্ডা লাগে। ঠান্ডা কোন ভাবেই সারছিল না। এর সাথে পরে দেখা দেয় শ্বাসকষ্ট। মঙ্গলবার শ্বাসকষ্ট বাড়লে তার বাবাকে বেলা ১১টার দিকে করোনা ডেডিকেটেড হাসপাতালে এনে ভর্তি করা হয়।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম রেজা বলেন, রাতে স্বাস্থ্য বিধি মেনে ওই বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন হবে।#


ইত্তেফাক/এমএএম