মনপুরায় জেলেদের জালে দেখা নেই ইলিশের

আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৫:৩৯

ইলিশের ভরা মৌসুম প্রায় শেষে দিকে। তবু দেখা মিলছে না কাঙ্খিত ইলিশের। মুখ মলিন হয়ে আছে জেলে ও আড়তদারদের। এমনটাই বলছিলেন ভোলার মনপুরার মেঘনা নদীতে ইলিশ শিকার করা জেলেরা। 

বছরের জৈষ্ঠ্য মাস থেকে ইলিশ ধরার মৌসুম শুরু হয়। সেই হিসেবে ইলিশ মৌসুমের ৩ মাস অতিবাহিত হলেও মেঘনায় ইলিশের দেখা মিলছেনা। এদিকে আড়তদাররা জেলেদের মধ্যে কোটি টাকা বিনিয়োগ করেছেন। 

ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা রূপালি ইলিশের এরাকা হিসেবে বেশ পরিচিতি। এখানকার প্রধান পেশা কৃষি হলেও প্রায় সবাই মাছের ওপর নির্ভরশীল। সরকারি হিসাব মতে, ১১ হাজারের বেশি জেলে হলেও এখানে ২০ হাজারের বেশি মানুষ মাছ ধরার সঙ্গে যুক্ত। 

সরেজমিন, হাজির হাট ইউনিয়নের চরযতিন গ্রামের মেঘনা নদীর পাড়ে গিয়ে দেখা যায়, জামাল মাঝি ও রহিম মাঝি মেঘনায় ইলিশ জাল ফেলে ৩-৪টি ছোট বড় ইলিশ মাছ পেয়েছেন। তারা বলেন, সারাদিন মেঘনায় জাল ফেলে ৩-৪ টা মাছ পেয়েছি। এ মাছ বিক্রি করে আমাদের তেলের খরচও উঠবেনা। 

এ ব্যাপারে আড়তদার নিজামউদ্দিন হাওলাদার বলেন, সব টাকা মেঘনায় বিনিয়োগ করে এখন শুধু তাকিয়ে থাকি কখন জেলেরা নৌকা কিংবা ট্রলার ভর্তি করে মাছ নিয়ে আসবে। কিন্তু এমনটি হচ্ছে না। 

ইত্তেফাক/এসি