হত্যা মামলা: মূল আসামি পুলিশের এএসআইসহ অন্যদের গ্রেফতার দাবি

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২৩:২৪

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ঈদুল আজহার দিন আক্কাস আলীকে কুপিয়ে হত্যার মূল আসামি গাইবান্ধার ফুলছড়ি থানায় কর্মরত এএসআই রতন মোস্তাকসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আসামিদের গ্রেফতারের দাবি জানান নিহত আক্কাস আলীর স্ত্রী নাজরিন আক্তার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজারহাট উপজেলার উমর মজিদ এলাকায় গত রমজান মাসের তারাবি নামাজ বাবদ ঈমামের বেতন তিনশ টাকার মধ্যে ৫০ টাকা কম দেয়ায় কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ঈদুল আজহার দিন সন্ধ্যায় এএসআই রতন মোস্তাকসহ তার পরিবারের সদস্যরা আক্কাস আলী ও তার পরিবারের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। 

এতে গুরুতর আহত আক্কাস আলী ও ভাগিনা সুমনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আক্কাস আলীর মৃত্যু হয়। সুমনের অবস্থা এখনও আশঙ্কাজনক। এ সময় শফি মেম্বার আক্কাস আলীর গর্ভবতী স্ত্রী নাজরিন আক্তারের পেটে লাথি মারে বলেও উল্লেখ করেন তিনি।

ঘটনার দিনই এলাকাবাসী অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশে দেয়। পরে ওইদিন রাতে রাজারহাট থানায় ১৭ জনকে আসামি করে নিহতের ভাই খোরশেদ আলম হত্যা মামলা করলেও এখন পর্যন্ত জনতার হাতে আটক ৩ আসামি ছাড়া মূল আসামি এএসআই রতন মোস্তাকসহ অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

সংবাদ সম্মেলনে নিহতের মা হালিমা বেওয়া, ভাই আতিকুর রহমান, আব্দুল গণি, হানিফ আলী, সহিদার রহমান ও ভাতিজা রওশন আলী উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচ