বগুড়ার নন্দীগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর পথরোধ করে ৫ লাখ ৭ হাজার টাকা ছিনতাইকালে পাঁচ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা অঞ্চলিক সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার হলদিহাটা গ্রামের মৃত মোসলেম ফকিরের ছেলে সুরুজ মিয়া (২৭), একই জেলার সখিপুর উপজেলার কানুঘুঘু সাহেব কান্দি গ্রামের নুরুল হক প্রধানের ছেলে ফরহাদ হোসেন (৩৫), ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ফকির পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (২৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কনিকারা গ্রামের আরোজ মিয়ার ছেলে ইকবাল হোসেন (৪০), বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বালিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে সাহাব উদ্দিন (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের ধান ব্যবসায়ী জাহাঙ্গির আলম নন্দীগ্রাম সদরে একটি বেসরকারি ব্যাংক থেকে ৫ লাখ ৭ হাজার টাকা উত্তোলন করে সিএনজিযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সিএনজি নন্দীগ্রাম পৌরসভার নামুইট মোড়ে এলাকায় পৌঁছুলে একটি সাদা মাইক্রোবাস তার গতিরোধ করে। এরপর ডিবি পুলিশের পরিচয় দিয়ে ব্যবসায়ী জাহাঙ্গির আলমকে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তুলে বগুড়ার পথে রওনা দেয় তারা।
এ সময় সিএনজি চালকের সন্দেহ হলে সে বিভিন্ন রাস্তার সিএনজি চালক ও পুলিশকে ঘটনাটি জানায়। এরপর পুলিশ ও জনতা উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা অঞ্চলিক সড়কে ব্যারিকেড দিয়ে তাদের মাইক্রোবাসটির গতিরোধ করে। তখন ছিনতাইকারীরা মাইক্রবাস থেকে নেমে বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করে। ওই সময় স্থানীয় জনতার সহায়তার পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
আরও পড়ুনঃ দুর্বৃত্তের গুলিতে পানছড়ি উপজেলা যুবলীগের সভাপতি আহত
নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, 'তাদের নিকট থেকে একটি পিস্তল সদৃশ বস্তু ও একটি ওয়্যারলেস উদ্ধার করা হয়েছে। তাদের ব্যবহৃত একটি সাদা হাইয়েস মাইক্রোবাস আটক করা হয়েছে।'
ইত্তেফাক/নূহু

