নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে হবে

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০৯:৪৮

ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শ এবং দর্শনকে হত্যা করতে পারেনি। যে আদর্শকে সামনে নিয়েই আজকের এগিয়ে যাওয়া বাংলাদেশ। জাতির পিতার চেতনায় উন্নত বাংলাদেশের পথে হাঁটছি আমরা। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে নতুন প্রজন্মের নিকট বঙ্গবন্ধুকে তুলে ধরতে হবে। জানাতে হবে বাঙালি জাতির মুক্তির সঠিক ইতিহাস। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৮টায় শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

তিনি আরো বলেন, অতি সাধারণ জীবন যাপন করেছেন জাতির পিতা। কিন্তু বাঙালি জাতিকে দিয়ে গেছেন অনন্য উপহার মাতৃভাষার অধিকার। দিয়ে গেছেন মহান স্বাধীনতা। বিনিময়ে বিসর্জন দিয়েছেন নিজের জীবন। বঙ্গবন্ধু ভাবতেও পারেননি যে, কোন বাঙালি তাঁর সাথে বিশ্বাস ঘাতকতা করবে। সেই সময়ের বিশ্বাস ঘাতকদের অনুসারীরা আজও আমাদের মাঝে আছে। এদের ব্যাপারে আওয়ামী পরিবারের সকলকে সজাগ থাকতে হবে।

শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক কাউন্সিলর ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ন কবির সৈকত, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ সরদার প্রমুখ।

আলোচনা সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। মিলাদ মাহফিল পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদের ইমাম মুফতি আব্দুল হান্নান আল কাদেরি।

ইত্তেফাক/আরকেজি