লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতন

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৫:২৬

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনায় ইয়াছিন আরাফাত নামে এক ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে পৌর শহরের পশ্চিম লাহারকান্দি এলাকায় রওজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের ঘটনায় গুরুতর আহত ছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আবদুল কাদের ফয়েজী পলাতক রয়েছেন। আহত মাদ্রাসার ছাত্র ইয়াছিন আরাফাত লাহারকান্দি গ্রামের আবদুল লতিফের ছেলে।

আহত ছাত্রের ভগ্নীপতি মো. সলিম জানান, হিফজুল কোরআন বিভাগের ছাত্র ইয়াছিন আরাফাত বেশ কিছু সমস্যার জন্য বর্তমান মাদ্রাসা হতে অন্যত্র ভর্তি হতে চাইলে মাদ্রাসার শিক্ষক ক্ষিপ্ত হয়ে আরাফাতকে শিকলে বেঁধে বেদম প্রহার করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ নোবিপ্রবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত।

পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু