পূর্বধলা সরকারি কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৪

নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষা বোর্ডের জারি করা ভর্তির প্রজ্ঞাপনে উল্লেখ আছে, সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল/পৌর (উপজেলা) এলাকায় ১০০০ টাকার বেশি হবে না। কিন্তু শিক্ষা বোর্ডের নিয়মনীতিকে তোয়াক্কা না করে অতিরিক্ত ভর্তি ফি গ্রহণের অভিযোগ রয়েছে ওই কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে।

ভুক্তভোগী বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, উপজেলা সদরের পূর্বধলা সরকারি কলেজে চলতি বছর প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে অনলাইন প্রসেসিং ফি, ভর্তি ফি, ভর্তিকরণের নামে একাদশ শ্রেণির ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী প্রতি মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও বিএম শাখায় ১ হাজার ৫শ টাকা করে নেয়া হচ্ছে। এছাড়া ভর্তি ফরম বাবদ আরও ২শ টাকা অতিরিক্ত নেয়া হচ্ছে। গরীব, অসহায়, মেধাবী ছাত্র-ছাত্রীর ভর্তির ক্ষেত্রেও কোনো ছাড় দেয়া হচ্ছে না। কলেজ কর্তৃপক্ষের ধার্য টাকার স্থলে কম দিলে ওই শিক্ষার্থী ভর্তি হতে পারছে না।

পূর্বধলা সরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থী নাজমা খানম, মেহেদী হাসান, নাহিদ শেখ বলেন, আমাদের কাছ থেকে ভর্তি বাবদ রসিদ মূলে ১ হাজার ৫শ টাকা ও ফরম বাবদ আরও ২শ টাকা নিয়েছে। আমরা যতদূর জেনেছি অতিরিক্ত অর্থ আদায়ের এ বিষয়টি মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লেখ নেই। সুতরাং এটি বিধি বহির্ভূত। এ বিষয়ে ভর্তি কমিটির আহবায়ক মোফাজ্জল হোসেন খান বলেন, ভর্তি সংক্রান্ত ব্যাপারে অতিরিক্ত কোন টাকা নেয়া হচ্ছে না।

এ প্রসঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্বান্ত মোতাবেক ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাছাড়া বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী ভর্তির টাকা নেয়া  হচ্ছে। অতিরিক্ত কোনো টাকা আদায় করা হচ্ছে না। কলেজের কো-সিগনেটর ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে কুলসুম বলেন, এ বিষয় খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/আরকেজি