মাদকসেবী অপবাদ দিয়ে ‘মব’ সৃষ্টি করে রিকশাচালককে পিটিয়ে হত্যা, দুই কিশোরের জবানবন্দি

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২৩:০৫

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসেবীর অপবাদ দিয়ে ‘মব’ সৃষ্টি করে রিকশাচালক মো. ফয়েজ আহাম্মদকে (৪৩) পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে দুই কিশোর। 

রোববার (৪ অক্টোবর) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াাখালী কার্যালয়ের পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার দিবাগত রাতে আড়াইটার দিকে পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ফরিদ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে শাকতলা গ্রাম থেকে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করে জবানবন্দি দেয় দুই কিশোর। 

পিবিআই জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে দুই কিশোর এলাকায় একটি গ্যাং গড়ে তুলেছিল। তারা মূলত ‘মব’ তৈরির মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড চালাতো। গত ১১ জুন মধ্যরাতে মাদক সেবনকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্যাং সদস্যরা একত্রিত হয়ে ‘মব’ তৈরি করে রিকশাচালক ফয়েজকে হত্যা করে। 

এ ঘটনায় পরদিন সোনাইমুড়ী থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। 

এ বিষয়ে পুলিশ সুপার ফয়জুর রহমান বলেন, এক মাসেরও বেশি সময় তদন্ত চালিয়ে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। তারা আদালতে অপরাধ স্বীকার করেছে। 

মামলায় এজাহারভূক্ত বাকি আসামিদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি।

পিবিআই জানিয়েছে, হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুই কিশোরই রাজমিস্ত্রির কাজ করে। এলাকায় তারা প্রায়ই মাদক সেবন করত। এ নিয়ে রিকশাচালক ফয়েজের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, মামলার অন্য আসামিদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

 
ইত্তেফাক/এমএস