ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত ফয়সালের ডিলারশিপ বাতিল

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৮

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বৈদ্যের পুল এলাকার মুসলিম বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ফয়সাল আহমেদের ডিলারশিপ আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বাতিল করেছে উপজেলা খাদ্যবান্ধব কমিটি। 

গ্রাহকের চাল পরিমাণে কম দেওয়া,ট্যাগ অফিসারকে অবহিত না রেখে চাল বিতরণ এবং কর্মচারী নুন্নু সিকদারের গ্রাহকদের সাথে খারাপ আচরণ করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তার ডিলারশিপ বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবু বকর ছিদ্দিক।

ওই কমিটি সূত্রে জানা যায়, ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বৈদ্যের পুল এলাকার মুসলিম বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের ক্ষেত্রে পরিমাণে কম দেওয়া, ট্যাগ অফিসারকে অবহিত না রেখে চাল বিতরণ এবং কর্মচারী নুন্নু সিকদারের গ্রাহকদের সাথে খারাপ আচরণ করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে।অনেক সুবিদাভোগী অতিষ্ঠ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা তদন্তে নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান,সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি করে দেন। মঙ্গলবার সকালে ওই কমিটি সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পান। অনিয়ম এর বিষয়টি তুলে ধরে একটি প্রতিবেদন দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়।

বুধবার উপজেলা খাদ্যবান্ধব কমিটি এক সভায় অভিযুক্ত ডিলারকে খাদ্যবন্ধব কর্মসূচি নীতিমালা-২০১৭ অনুযায়ী তার ডিলারশীপ বাতিল করে। সাথে সাথে গুদাম সিলগালা ও তার জামানত বাজেয়াপ্ত করেন।

আরও পড়ুন: করোনাকালেও দেশের প্রবৃদ্ধি এশিয়ার প্রায় সবদেশের ওপরে: তথ্যমন্ত্রী 

বোরহানউদ্দিন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব মো. আবু বকর সিদ্দিক জানান, অতি শীঘ্রই নীতিমালা অনুযায়ী পার্শ্ববর্তী ডিলারের মাধ্যমে চাল বিতরণ শুরু করা হবে।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান জানান, তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগের সত্যতা পাওয়ায় খাদ্যবান্ধব নীতিমালার আওতায় তার ডিলারশীপ বাতিল করাসহ গুদাম সিলগালা ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

ইত্তেফাক/এএএম