চীনে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর পাঁচ মাস পরে নিজ বাড়িতে দাফন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫২

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী ময়নুদ্দিন মাইন (২২) এর লাশ পাঁচ মাস পরে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মাইন যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল মালেকের ছেলে। সে চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল।

ময়নুদ্দিন চলতি বছরের ২৮ এপ্রিল সন্ধ্যায় চীনের ইউনান প্রদেশের চেনগং শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হন। পরিবার সূত্রে জানা গেছে, করোনার কারণে ফ্লাইট চালু না থাকার কারণে তার লাশ দেশে ফিরিয়ে আনতে দেরি হয়েছে। 

আরও পড়ুন: শ্যামাসুন্দরী ও কে.ডি খাল সংস্কারের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ কনস্যুলেট অফিস কুনমিং সূত্রে জানা গেছে, সে চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ে সফটওয়ার ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারে ছাত্র ছিল। ২৮ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যায় চীনের ইউনান প্রদেশের চেনগং শহরে মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তার বন্ধুদের সহযোগিতায় তাকে উদ্ধার করে চেনগং ফার্স্ট অ্যাফিলিয়েট হসপিটাল অব কুনমিং ইউনিভার্সিটিতে নেওয়া হয়। পরে রাতে তিনি মারা যান। ইউনিভার্সিটির তত্ত্বাবধায়নে এতদিন তার লাশ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছিল।

থাই এয়ারওয়েজের একটি বিমানে তার লাশ মঙ্গলবার রাতে ঢাকায় এসে পৌঁছালে বুধবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম