উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০৫:৫০

কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শনিবার (৩ অক্টোবর) বিকাল ৫টার দিকে কুতুপালং বুড়ির ঘর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ওই মাদক কারবারির নাম আইয়ুব খান (২০)।সে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের লম্বাশিয়া এলাকার ১ নং ক্যাম্পের সি-৪ ব্লকের আবদুল হাই'র ছেলে।

র‌্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার-টেকনাফ পাকা রাস্তার ওপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে- এমন সংবাদ পেয়ে অভিযানে যায় র‌্যাবের একটি টিম। উখিয়া থানার রাজাপালং ইউপিস্থ কুতুপালং বুড়ির ঘর শাহপরি হাইওয়ে পুলিশ ফাড়ি কুমিল্লা রিজিয়নের ডাম্পিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। র‌্যাব টিমের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে চেষ্টা করলে তার হাতে থাকা পলিথিনের ব্যাগে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: খুব ভালো নেই ট্রাম্প, টুইটারে ভিডিও বার্তা দিলেন নিজেই

আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছেন তিনি। 

ইত্তেফাক/এএএম