কুমিল্লায় নামাজরত মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৯:১৪

কুমিল্লার চৌদ্দগ্রামে নামাজরত অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে মা খায়রুন নেছাকে (৭৫) হত্যা করেছে তার ছেলে আবু বকর। রবিবার দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে আবু বকরকে গ্রেফতার করেছে। 

ঘাতক আবু বকর ওই গ্রামের মৃত আনোয়ার উল্লাহর ছেলে। সে পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলার সাজাভোগী বিডিআর সদস্য বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ রঞ্জন চাকমা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাজাভোগের পর থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন আবু বকর (৩০)। সম্প্রতি তার এক মেয়ে নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। নানামুখী সমস্যায় আবু বকরের মানসিক সমস্যা আরও বেড়ে যায়। রবিবার দুপুরে নিজ ঘরে জোহরের নামাজ পড়া অবস্থায় কুড়াল দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে সে তার মাকে হত্যা করে। খবর পেয়ে এলাকাবাসী ঘাতক ছেলে আবু বকরকে আটক শেষে গণধোলাই দেয়।

চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শুভ রঞ্জন চাকমা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সোমবার নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে এবং ঘাতক আবু বকরকে আদালতে সোপর্দ করা হবে। 

ইত্তেফাক/বিএএফ