নারায়ণগঞ্জের রূপগঞ্জে রড প্রস্ততকারক কারখানায় লোহা গলানোর পাত্র বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিনগত রাতে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত চারজন শ্রমিকের মৃত্যু হলো। দগ্ধ আরো দুইজন শ্রমিককে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রিমিয়ার স্টিল এন্ড রি-রোলিং মিলস নামে রড প্রস্ততকারক কারখানায় বৃহস্পতিবার রাতে লোহা গলানোর পাত্র বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শাকিল ও আবু সিদ্দিক নামক আরো দুই শ্রমিক শুক্রবার রাতে মারা গেছেন। গলিত লোহার আগুনে পুড়ে তাদের দুইজনের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিহত মো. শাকিল (২০) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আব্দুস সোবহানের ছেলে ও আবু সিদ্দিক (৩০) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরি এলাকার টিপু শেখের ছেলে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এর আগে বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেলে নেয়ার পর মিজানুর রহমান (৪২) ও শুক্রবার সকালে শেখ শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ফাহিম (২৫) নামে আগুনে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটায় উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টিল এন্ড রি-রোলিং মিল কারখানায় শ্রমিকরা কাজ করার সময় লোহা গলানোর পাত্র (ভাট্টি) বিস্ফোরণ হয়ে ছয় শ্রমিক দগ্ধ হন। দগ্ধ শ্রমিকরা কারখানাটির ফার্নিশ বিভাগের অপারেটর ছিলেন।
এ ঘটনায় শনিবার দুপুর একটা পর্যন্ত কোন মামলা হয়নি বলে নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, স্বজনদের পক্ষ থেকে এখনো কেউ মামলা করেনি। হতাহতরা কেউই এখানকার বাসিন্দা নয়। সবাই দূর দূরান্ত জেলার বাসিন্দা।
ওসি মাহমুদুল হাসান আরো বলেন, যেহেতু স্বজনদের পক্ষ থেকে কেউ মামলা করতে চাচ্ছেন না, তাই পুলিশ বাদী হয়ে মামলা করবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব।
ইত্তেফাক/জেডএইচ

