গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহকর্তী আটক 

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১৫:২৫

ভোলার লালমোহনে গৃহকর্মীকে নির্যাতন করার অভিযোগে ইয়াছমিন আক্তার (৩২) নামে এক গৃহকর্তীকে আটক করেছে পুলিশ। এসময় নির্যাতিতা গৃহকর্মী শওকত আরাকেও (১৫) উদ্ধার করা হয়। পরে তাদেরকে ভোলার আদালতে প্রেরণ করা হয়। 

লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, শুক্রবার বিকালে ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে লালমোহন পৌর এলাকার সবুজবাগ মহল্লার শাহাদাৎ মিয়ার বাসা থেকে নির্যাতিতা ওই গৃহকর্মীকে উদ্ধার করি। এসময় প্রথমিক জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তীকেও থানায় আনা হয়। পরে লালমোহন হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করে গৃহকর্মীটির শরীরের বিভিন্ন স্থানে বহু আঘাতের চিহ্ন পাওয়া যায়। শনিবার নির্যাতিতা গৃহকর্মীর চাচা মাওলানা জাকির হোসেন বাদী হয়ে লালমোহন থানায় মামলা করেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করেছেন গৃহকর্তী।

জানা গেছে, নির্যাতিতা গৃহকর্মী শওকত আরা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মৃত লেদু মিয়া মিয়ার মেয়ে। গত কয়েক বছর আগে গৃহপরিচারিকার কাজের জন্য বাসায় নিয়ে তাকে কারণে অকারণে নির্যাতন করে আসছিল গৃহকর্তী ইয়াছমিন আক্তার। 

ইত্তেফাক/জেডএইচ