মেহেরপুর সমাজ সেবা কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মেহেরপুরে ডিবিসি’র জেলা প্রতিনিধি আবু আক্তার করণ ও বাংলাদেশ রয়টার্স এর জেলা প্রতিনিধি জাকির হোসেন।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালকের (ডিডি) কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এসময় ডিবিসি প্রতিনিধির ব্যবহৃত ক্যামেরাটি ভাঙচুর করা হয়েছে। উপ-পরিচালক আব্দুল কাদেরসহ কয়েকজন স্টাফ সরাসরি হামলাতে অংশ নেয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিবিসি’র সাংবাদিক আবু আক্তার করণ জানান, সরকারি গাড়ি ব্যবহার করে নিজের বাড়ি পাবনা ও শ্বশুড় বাড়িতে যান প্রতিসপ্তাহে। এছাড়া তিনি নিজ চেয়ারে বসে সকলের সামনে ধূমপান করেন এবং অফিস চলাকালীন সময়ে তিনি কার্যালয়ে ঘুমিয়ে থাকেন। এ ধরণের নানা অভিযোগের প্রেক্ষিতে আমার সহকর্মী জাকির হোসেনকে নিয়ে উপ-পরিচালকের কার্যালয়ে তথ্য সংগ্রহ ও তার বক্তব্য নিতে যায়। এসময় তিনি ক্ষিপ্ত হয়ে তাঁর গোপন কক্ষে নিয়ে আমাদের আটকিয়ে রাখেন। পরে ডিডি আব্দুল কাদের, প্রবেশন অফিসার সাজ্জাদ হোসেন ও আব্দুল কাদের এর ব্যক্তিগত গাড়ি চালক মিলনসহ বেশ কয়েকজন আমাদের মারধর করে এবং ক্যামেরা ভাংচুর করে।খবর পেয়ে আমাদের অন্যান্য সহকর্মীরা ও পুলিশের একটি দল গিয়ে আমাদের উদ্ধার করে।
আরো পড়ুনঃ নিয়মবহির্ভূত এবং অপরিকল্পিত ভবন নির্মাণ আর নয়: স্থানীয় সরকার মন্ত্রী
এদিকে, এ ঘটনায় মেহেরপুর সদর থানায় উপ-পরিচালক আব্দুল কাদের, প্রবেশন অফিসার সাজ্জাদ হোসেন, গাড়ি চালক মিলন শেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত উপ-পরিচালক আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জানান, আমি বিষয়টা শুনেছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এমএএম

