কামারখন্দে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৮ শ্রমিক আহত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ১৬:৪০

সিরাজগঞ্জের কামারখন্দে পৃথক সড়ক দুর্ঘটনায় চারটি ট্রাকের সহকারীসহ ১৮ জন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার কাশেম মোড় ও ১১টার দিকে তালুকদার বাজার এলাকায় পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে। 

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, সকাল ১০টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক কাশেম মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এলেঙ্গা-রংপুর চারলেন সড়কে নির্মাণ শ্রমিকবাহী আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ওই সড়কের ১৬ জন নির্মাণ শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। 

অপরদিকে সকাল ১১টার দিকে তালুকদার বাজার এলাকায় একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সংঘর্ষে দুটি ট্রাকের দুইজন সহকারী আহত হন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/এসি