রাজবাড়ীতে বেড়েছে হেলমেটের ব্যবহার!

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৯

রাজবাড়ীতে ট্রাফিক ব্যবস্থা জোরদার করায় বর্তমানে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে প্রতিদিনই বিভিন্ন উদ্যোগ নিচ্ছে জেলা পুলিশ প্রশাসন। আর তাই সড়ক দুর্ঘটনা থেকে নিরাপদ থাকতে রাজবাড়ীতে হঠাত্ করেই মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট ব্যবহার বেড়েছে। যা কয়েক দিন যাবত্ বেশ লক্ষণীয়।

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, বৈধ কাগজপত্র ছাড়া বর্তমানে কাউকেই যানবাহন চালাতে দেওয়া হচ্ছে না। বিশেষ করে হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো ও তিন জন আরোহী বহন, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অবৈধ যানবাহন রোধে রেজিস্ট্রেশন, ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্সের গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি। প্রতিনিয়তই সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ী শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জেলা ট্রাফিক পুলিশ মোতায়েন করে চেক করা হচ্ছে। এদিকে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার বেড়ে যাওয়ায় শহরে মোটর পার্সের দোকানে বেড়েছে হেলমেট বিক্রি। শহরের পান্না চত্বরের মেসার্স মঞ্জু মটরসের মালিক মো. মঞ্জু সরদার বলেন, ট্রাফিক ব্যবস্থা কড়াকড়ি হওয়ায় কদিন যাবত্ হেলমেট বিক্রি বেড়েছে। মামলা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন। তাই মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করছেন। এটি চলমান থাকলে দুর্ঘটনার হার কমবে বলেও মন্তব্য করেন এ ব্যবসায়ী।

ইত্তেফাক/টিআর