ডাকাতির প্রস্তুতিকালে ১০ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে র‌্যাব 

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২০:০৩

সাভারের আশুলিয়া ও কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ১০ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪। রবিবার (১৪ মার্চ) বিকেলে সাভারের নবীনগর সিপিসি ২ কার্যালয়ে ১০ জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।

র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খাঁন জানান, সাভারের আশুলিয়া ও কালিয়াকৈর এলাকায় একটি ডাকাত চক্র দীর্ঘ দিন ধরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন বাড়ি ও গাড়িতে ডাকাতি করে আসছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে আশুলিয়া ও কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে র‌্যাবের একটি দল। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার, একটি অটোরিকশা, তিনটি ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাফ, একটি বেতের লাঠি, ১২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন, বগুড়া জেলার আশরাফুল ইসলাম (৩২), শেরপুর জেলার রুবেল মিয়া (৩০), কিশোরগঞ্জ জেলার আফিকুজ্জামান শরিফ (৩৮), নেত্রকোণা জেলার রফিকুল ইসলাম (৩০), গোপালগঞ্জ জেলার রাসেল মুন্সি (৩০), নড়াইল জেলার রুবেল মুন্সি (৩২), শেরপুর জেলার সাকিব (১৯), জামালপুর জেলার ইউসুফ (২৫), কুষ্টিয়া জেলার আবু তাহের (৩৮), ও টাঙ্গাইল জেলার সুমন মিয়া (২৩)। 

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে চুরি ছিনতাই ডাকাতিসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। 

ইত্তেফাক/এমএএম