ক্যাম্পে অপরাধমূলক কাজে মিয়ানমারে (এমপিটি) সিম ব্যবহারের পাশাপাশি এবার শক্তিশালী ওয়াকিটকি ব্যবহার করছে রোহিঙ্গারা। কক্সবাজার জেলা শহর ও আশপাশের এলাকায় বসবাসকারী রোহিঙ্গাদের মাধ্যমে ক্যাম্পের রোহিঙ্গারা এসব ওয়াকিটকি সংগ্রহ করেছে।
রবিবার (৪ জুলাই) রাতে কক্সবাজার সদর উপজেলার লিংকরোড় এলাকা থেকে ৮টি ওয়াকি টকিসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করে র্যাবের-১৫-এর একটি দল। আটক রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ সব তথ্য জানা গেছে।
আটককৃতরা হলো- কক্সবাজার পৌরসভার সমিতি পাড়া হাসিম মাঝির বাড়ির ভাড়াটিয়া রোহিঙ্গা যুবক মোহাম্মদ আব্বাস (৩২) এবং টেকনাফ ২৪ নম্বর ক্যাম্পের ব্লক-বি-১-এর বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে ইমাম হোসাইন (২০)।

র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, লিংক রোড়স্থ পুলিশ চেকপোস্টের পাশে দুই যুবককে দেখে সন্দেহ হয়। র্যাব সদস্যরা তাদের গেলে দুই যুবক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে আটটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেট খুলে আটটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেছে, অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে তারা এসব ওয়াকিটকি সংগ্রহ করেছে।
ইত্তেফাক/ইউবি

