খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৮:২৫

খাগড়াছড়ির পানছড়িতে অস্ত্র, গুলি, চাঁদা আদায়ের রসিদ ও গুরুত্বপূর্ণ নথিসহ ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সদস্য কল্যাণ জ্যেতি চাকমা (২১) নামে এক সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার সকালে লোগাং ইউনিয়নের পুঁজগাং বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, পুজগাং বাজার এলাকা থেকে ইউপিডিএফ এর দু’জন চাঁদা কালেকক্টর চাঁদাবাজি করছে এমন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সেখানে অভিযান চালালে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি করে। এ সময় নিরাপত্তা বাহিনীর লোকজন পাল্টা গুলি করে। 

এসময় দুজন সন্ত্রাসীদের মধ্যে রিপন ত্রিপুরা (২২) নামে একজন পালিয়ে যায়। অপরজন কল্যাণ জ্যোতি চাকমাকে (২১) আহত অবস্থায় আটক করা হয়। এসময় তার কাছে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি মোবাইল, নগদ এগারো হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়। 

জ্যোতি চাকমাকে প্রাথমিক চিকিৎসা শেষে পানছড়ি থানা পুলিশে সোপর্দ করা হয়। পানছড়ি থানা সূত্রে জানা গেছে, তার নামে পানছড়ি থানায় অস্ত্র মামলা রয়েছে।

 

ইত্তেফাক/এএএম