ভারত থেকে অবৈধভাবে ফেরার সময় ছয়জনকে ও ভারতে যাওয়ার সময় চারজনকে আটক করেছে বিজিবি। শনিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর ও যাদবপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি বাংলাদেশে বিভিন্ন জেলায়।
বিজিবির খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় খোশালপুর মাঠ থেকে ছয়জন আটক করা হয়। আটককৃতরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামের রেজাউল ইসলাম ( ২৭ ), তার স্ত্রী লিপি বেগম ( ২৫ ), মেয়ে সুমাইয়া ( ১১ ), ছেলে ইসরাফিল ( ৪ ), সাতক্ষীরার কলারোয়া উপজেলার তামুন্দিয়া গ্রামের ফুলসুরাত বেগম ( ৬৫ ) ও তার ছেলে কবিরুল ( ৩২ )।
অপরদিকে যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে চারজনকে আটক করা হয়েছে। তাদের বাড়ি ঝিনাইদহ, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলায়।
ইত্তেফাক/ইউবি

