ডাকাতের গুলিতে ডাকাত আহত: পুলিশ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৮

ডাকাতির স্বর্ণালঙ্কার রাখা ও ভাগাভাগি নিয়ে সহযোগী ডাকাতের গুলিতে মো. রুবেল (২৭) নামের এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে জেলার সদর  উপজেলার নোয়ান্নই ইউনিয়নের আতাশপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে বৃহস্পতিবার ভোরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।  সকালে  উন্নত চিকিৎসার তাকে ঢাকায় পাঠানো হয়েছে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। 

এরআগে, ২০১৫ সালে  জেলা সদরের তৎকালীন এএসপি মো. জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে জেলা ডিবি পুলিশের অভিযানের সময় রুবেল ও তার দুই সহযোগীকে  অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছিল।


২০১৫ সালে গ্রেফতারের পর রুবেল (লাল বৃত্ত চিহ্নিত)

সুধারাম থানার ওসি আরও জানান, ঘটনার রাত ৩টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের আতাশপুর গ্রামের প্রাবাসী মিলন মিয়ার নতুন বাড়িতে ডাকাতি  সংঘটিত হয়।  ডাকাতরা  দরজা ভেঙে ভেতরে  ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে।  পরে ওই বাড়িতে ডাকাতদের মধ্যে স্বর্ণালঙ্কার রাখা ও  ভাগাভাগি নিয়ে বিরোধ বাধে। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হাতাহাতি ও গুলি ছোড়ার ঘটনা ঘটে।  এর একঘণ্টা পর ভোর ৪টার দিকে গুলিবিদ্ধ রুবেলকে পার্শ্ববর্তী দাদপুর ইউনিয়নের হাকিমপুর ব্রিকস ফিল্ড সংলগ্ন এলাকা থেকে  স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে  হাসপাতালে নিয়ে আসেন। 

ওসি জানান,  আজ  তাদের বিরুদ্ধে ভুক্তভোগী আমেনা বেগম শিউলি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গুলিবিদ্ধ মো. রুবেলের বিরুদ্ধে থানায় অস্ত্র, মারামারি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, রুবেল হাসপাতালে ভর্তি  হয়েছে, এ সম্পর্কে পুলিশ জানার আগেই  হাসপাতাল থেকে আজ ভোরে  ঢাকায়  চিকিৎসার  পাঠিয়ে দেওয়া হয়।  এ ঘটনায় জড়িতদের  গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত  রয়েছে।

পুলিশকে না জানিয়ে গুলিবিদ্ধকে কেন ঢাকায় পাঠানো হয়েছে, এ সম্পর্কে  জানতে চাইলে নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও  ডা. সৈয়দ মহিউদ্দিন  মো. আবদুল আজিম বলেন, ‘রুবেল নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় ভোর রাতে  হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তার চোখে-মুখে ও পেটসহ শরীরের বিভিন্ন গুলিবিদ্ধ ছিল। তার অবস্থা আশঙ্কাজনক  হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল  কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

/ইত্তেফাক/এনই/