ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতিবেশীকে হত্যা মামলার দুই আসামি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী ও তার স্ত্রী ফিরোজা বেগমকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ফুলবাড়ীয়া থানার এসআই সাইদুর রহমান আসামিদের ময়মনসিংহের ২ নম্বর আমলী আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাফিজ আল আসাদ শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, জামালপুর সদর থানার এসআই মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ গত শনিবার রাত ৯টার দিকে প্রতিবেশী সেলিমকে নিজের গরুর খামারে ডেকে নিয়ে যায়। সেখানে আসামিরা তাকে মুখে গামছা পেঁচিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।
ঘটনা টের পেয়ে এলাকাবাসী সেলিমকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ীয়া উপজেলা হাসপাতালে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রবিবার সকাল ৮টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সেলিম।
আরও পড়ুন: উইলিয়ামসনকে ফেরালেন মাহমুদউল্লাহ
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবীরুল ইসলাম জানান, সেলিমের মৃত্যুর দিন রোববার বিকেলে তার স্ত্রী ফাতেমা বেগম শিউলী ৫ জনের নামে মামলা করেন। মামলায় এসআই মোহাম্মদ আলী, তার সৎ মা ফিরোজা বেগম, সৎভাই মহব্বত, ছেলে রিয়াদ ও ভাগ্নে ফরহানকে মামলায় আসামি করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এসআই এর ছেলে রিয়াদ নেশাখোর ও বখাটে। বাবা নিজের ভাবমূর্তি সংকটে পড়ে বাড়ির কাছেই ছেলেকে একটি গরুর খামার করে দেন। খামারে বসে সহযোগীদের নিয়ে নিয়মিত নেশা করতেন রিয়াদ। এসআই মোহাম্মদ আলী জামালপুর সদর থানায় কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের সময় ৪ দিনের ছুটিতে তিনি বাড়িতেই ছিলেন।
ইত্তেফাক/কেআই

