বগুড়ায় গুজব ছড়িয়ে একজনকে পিটিয়ে হত্যা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৯

বগুড়ায় গুজব ছড়িয়ে বাড়িতে ঢুকে রফিকুল ইসলাম মিঠু (৪৮) নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর গ্রামবাসী ঘাতক সজীব হোসেন (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সজীব ও তার পরিবারের সঙ্গে আগে থেকেই নিহতের পরিবারের বিরোধ চলে আসছিল। সোমবার রাতে ওই বিরোধের জের ধরে সজীব ও  তার পরিবারের লোকজন মিঠুর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় মিঠুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে তারা পালিয়ে যাবার সময় গ্রামবাসী সজীবকে আটক করে।

মুমূর্ষু অবস্থায় মিঠুকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মিঠু মারা যান। 

নিহত মিঠু সদর উপজেলার ধাওয়াপিকশন গ্রামের মৃত মোজাফফর হোসেন তালুকদারের ছেলে। অন্যদিকে আটক সজীব (২৫) একই গ্রামের বাবলু মিয়ার ছেলে। 

আরো পড়ুন: আক্রান্ত হলে ভারতে সরাসরি হামলা: ইমরান খান

এই ঘটনায় নিহতের ছেলে হাসিবুর রহমান ইমন বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, মামলার বাদীর সঙ্গে আটক সজীবের প্রবাসী ভাইয়ের স্ত্রীর অনৈতিক সম্পর্কের গুজব ছড়িয়ে এই হামলা চালানো হয়েছে। ঘটনার পর আটক সজীবকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

ইত্তেফাক/অনি