কুমিল্লায় নৌ বাহিনীর সদস্য মেহরাবের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মাবনবন্ধন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৯

কুমিল্লায় নৌ বাহিনীর সদস্য মেহরাব হোসেন কাব্যের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মাবনবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের কামারখাড়া (আলেখারচর-কামারখাড়া) ব্রিজ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এলাকার বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক নারী-পুরুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবাসী খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করে। এতে বক্তব্য রাখেন নিহতের মা নিলুফা বেগম, বড় ভাই মোশারফ হোসেন টিপু, ছাত্রনেতা বঙ্গভাই সজল, হাবিবুর রহমান ইভান প্রমুখ।

এ সময় ওই কর্মসূচিস্থলে আসা বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘মেহেরাব হোসেনের ঘাতকদের ধরতে পুলিশ ও একাধিক আইন প্রয়োগকারী সংস্থা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি খুনিরা সহসাই গ্রেপ্তার হবে ‘

এ সময় তিনি এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলের নিকট আহবান জানান।

উল্লেখ্য, বুড়িচং উপজেলার ভান্তি গ্রামের প্রবাসী সফিকুল ইসলামের ছেলে মেহরাব হোসেন কাব্য (২৩) নৌ-বাহিনীর ট্রেনিং শেষে গত বুধবার খুলনা থেকে চট্টগ্রামে যাওয়ার আগে এক দিনের ছুটি নিয়ে মা ও স্বজনদের সঙ্গে দেখা করতে নিজ বাড়িতে যাচ্ছিলেন। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় বাস থেকে নেমে সিএনজিযোগে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও ছুরিকাঘাতে হত্যার পর সঙ্গে থাকা মালামাল নিয়ে যায়।

আরও পড়ুনঃ ফুলবাড়িতে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

বৃহস্পতিবার সকালে পুলিশ ভান্তি গ্রামের গোমতী নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার নামাজে জানাজা ও নৌ-বাহিনীর পক্ষ থেকে মরণোত্তর সালাম ও সম্মান প্রদর্শন শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রবিবার পর্যন্ত পুলিশ এ হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ইত্তেফাক/নূহু