যশোরের চৌগাছায় এনজিওর ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে বিকাশ অধিকারি (৪০) নামে এক ভ্যান চালক কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। শনিবার দুপুরে কীটনাশক পানে তিনি আত্মহত্যা করেন। নিহত বিকাশ যশোর সদর উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা হলেও বিবাহসূত্রে চৌগাছার ধুলিয়ানি ইউনিয়নের ধুলিয়ানি গ্রামে বসবাস করছিলেন।
নিহতের স্ত্রী পারুল অধিকারি চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকদের বলেন, ‘আমাদের গ্রামীণ ব্যাংক, আরআরএফ, আশাসহ কয়েকটি এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নেওয়া ছিল। শনিবার সকালে একটি এনজিওর কর্মীরা বাড়িতে এসে কিস্তি দিতে না পারায় খুব বকাঝকা করে। তারা কোন এনজিওর লোক তা আমি ভালো করে চিনতে পারিনি (বারবার মূর্ছা যাওয়ায় সঠিক করে বলতে পারছিলেন না)। এনজিও কর্মীরা চলে গেলেই আমার স্বামী বিষপান করে। পরে স্থানীয়দের সহায়তায় চৌগাছা হাসপাতালে আনলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।’
চৌগাছা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আওরঙ্গজেব বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।’
স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, ‘একটি এনজিওর সদস্যরা তার বাড়িতে কিস্তি আদায়ে যায়। বিকাশ কিস্তির টাকা দিতে না পারায় তাকে বকাঝকা করলে সে কীটনাশক পানে আত্মহত্যা করে।’ তিনি বলেন, ‘তার কয়েকটি এনজিও থেকে লোন নেওয়া আছে। এছাড়াও বেশ কয়েক জায়গা থেকে সে সুদের টাকা (দাদন) নিয়েছিল। নিহত বিকাশের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নেশাগ্রস্থ হয়ে বাড়ি গিয়ে স্ত্রীকে মারপিট করার অভিযোগও রয়েছে।’
গ্রামীণ ব্যাংক ধুলিয়ানি শাখার ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, ‘আজ তো আমাদের বন্ধ। আমাদের কোনো কর্মী তার কাছে কিস্তি আনতে যায়নি।’ তিনি আরো বলেন, ‘বিকাশ আমাদের গ্রাহক। তিনি রেগুলার কিস্তি দেন। তার কোন কিস্তি খেলাফি নেই। অন্য কোন কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।’
ধুলিয়ানি ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, ‘ছেলেটি মাগুরা জেলার খাজুরা এলাকার বাসিন্দা। আমার গ্রাম কুষ্টিয়া-রামভাদ্রপুর গ্রামে বিয়ে করেছে। সে ধুলিয়ানি বাজারের পাশে স্ত্রী সন্তান নিয়ে থাকতো। মাঝে মাঝে ভ্যান চালাতো। ছোটখাট ব্যবসা করতো। খুবই অভাবি হওয়ায় বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়েছিল। মাদক সেবনও করত সে। তার শ্বাশুড়ি আমাকে মোবাইলফোনে ঘটনাটি জানিয়েছে।’
আরও পড়ুনঃ শিক্ষকের নির্দেশে ইট নামাতে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে শিক্ষার্থীর
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, ‘মৃত্যুর বিষয়টি শুনেছি। ঋণের কারণে আত্মহত্যা করেছে কিনা জানা নেই।’
ইত্তেফাক/নূহু

