শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় সাবেক স্ত্রীকে হত্যা

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৮:২৩

শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় সাবেক স্ত্রী জুলেখা খাতুনকে (৩০) গলা কেটে হত্যা করেছে বলে স্বীকার করেছে বেলাল হোসেন (৩৮)। পুলিশি জিজ্ঞাসাবাদে সে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে আত্রােই থানা পুলিশকে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন জানান, গত বছর ২০ ডিসেম্বর রাতে নওগাঁর আত্রাই উপজেলার বড়কালিকাপুর তিন নাম্বার স্লুইচ গেটের নিচে জুলেখা খাতুনকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ মোবাইল নাম্বার টাকিং ও লোকেশনের মাধ্যমে তদন্ত করতে মাঠে নামে।

এ ঘটনায় জুলেখার সাবেক স্বামী বেলাল হোসেনকে মাস খানেক আগে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ। হত্যার কারণ উৎঘাটনে বিজ্ঞ আদালতে বেলাল হোসেনের বিরুদ্ধে তিন দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। বিজ্ঞ আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করলে গত সোমবার ঘাতক বেলাল হোসেনকে থানায় নিয়ে আসে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ তিন দিনের রিমান্ডে ঘাতক বেলাল হোসেনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে একপর্যায়ে সে নিজে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দেন।

ওসি আরো জানান, গত ২০১৭ সালের ২২ জুলাই নওগাঁ সদর থানার গোপাই গ্রামের মানিক প্রামানিকের মেয়ে জুলেখা খাতুনের সঙ্গে পার্শ্ববর্তী মান্দা উপজেলার চকবালু গ্রামের জনাব আলী মন্ডলের ছেলে বেলাল হোসেনের বিয়ে হয়। সংসার জীবনের দেড় বছরের মাথায় তাদের বৈবাহিক সম্পর্ক বিছিন্ন হয়। এরপর জুলেখা খাতুন ঢাকায় চলে গিয়ে গার্মেন্টসে চাকুরি নেন। 

তাদের বৈবাহিক সম্পর্ক বিছিন্ন হলেও মোবাইলে সম্পর্ক বজায় রাখেন বেলাল হোসেন ও জুলেখা খাতুন। এ অবস্থায় বেলাল হোসেন আবারও জুলেখাকে বিয়ের প্রলোভন দিয়ে গত ২০ ডিসেম্বর ঢাকা গার্মেন্টস থেকে নওগাঁয় নিয়ে আসেন। জুলেখা নওগাঁ পৌছালে বেলাল হোসেন তাকে নিয়ে রাত ১০টার দিকে জুলেখাকে বড়কালিকাপুর তিন নাম্বার স্লুইচ গেটে নিয়ে আসে। 

এরপর জুলেখার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চায়। এতে জুলেখা আবারও বিয়ে না করে শারীরিক সম্পর্ক করতে বাঁধা দেয়। বাঁধা দেয়ার এক পর্যায়ে বেলাল হোসেন ধাক্কা দিয়ে জুলেখা খাতুনকে স্লুইচ গেটের নিচে ডোবায় ফেলে দেয়। পরে তাকে ধারালো ছুরি দিয়ে জবাই করে সেখান থেকে পালিয়ে যায় বেলাল হোসেন। 

আরও পড়ুনঃ কালিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২

পরদিন এলাকাবাসী নিহতের মৃতদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ দেন। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে। ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।’

ইত্তেফাক/নূহু