ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই অহিদ মিয়া (৫৫) খুন হয়েছে। সে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের মৃত তৈয়ব আলী মিয়ার প্রথম পক্ষের ছেলে অহিদ মিয়া ও তার সৎ ভাই মুন্সি আসাদুজ্জামান, বাহার মিয়ার দীর্ঘ দিন যাবৎ সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এসব বিষয় নিয়ে এলাকায় একাধিক সালিশও হয়েছে।
গত রবিবার রাত ৯টার দিকে কারেন্ট বিল নিয়ে অহিদ মিয়া ও তার সৎ ভাইদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাহার মিয়া, আসাদুজ্জামান, সরদার জীবন মিয়া মারধর করলে ঘটনাস্থলেই সে মারা যায়।
নিহতের ছেলে দুলাল মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে আমার চাচাদের সঙ্গে আমাদের ঝামেলা চলছিল। গতরাতে বাবার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার চাচা বাহার মিয়া বাবাকে গলা চেপে ধরে। এ সময় আসাদুজ্জামান, সরদার জীবন মিয়া ও চাচীরা এলোপাতারি হামলা চালিয়ে মারধর করে এবং শ্বাসরোধ করে আমার বাবাকে মেরে ফেলে।’
ইসলামপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ওসি আ.স. ম. আতিকুর রহমান বলেন, ‘নিহতের সঙ্গে তার সৎ ভাই বাহার ও আসাদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গত রবিবার রাত ৯টার দিকে বিদ্যুৎ বিল নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরে সে নিহত হয় বলে জানা যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।’
ইত্তেফাক/নূহু

