নিখোঁজের ৯ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি রাজপাড়া থানাধীন অচিনতলা এলাকার রিমা খাতুনের (১৫)। মেয়ের সন্ধানে দ্বারে দ্বারে ঘুরছেন মেয়ের বাবা ভ্যানচালক আলতাফ হোসেন ও গৃহিনী মা লাইলি বেগম।
এ ব্যাপারে মেয়ের মা লাইলি বেগম গত ১৪ মার্চ নগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডাইরি নম্বর-৬৭৩।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, রিমা খাতুন গত ১১ মার্চ সকাল ১১টার সময় বাড়ি থেকে বাইরে যায়। এরপর সে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান মেলেনি। রিমা বেগমের উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, স্বাস্থ্য মাঝারি, মাথার চুল কালো লম্বা, পরনে হলুদ রংয়ের জামা ও পায়জামা ছিলো।
রিমা খাতুনের মা জানান, তার মেয়ে অতিমাত্রায় সরল। তাকে বস্তির একটি মেয়ে ফুসলিয়ে নিয়ে যেতে পারে। এ ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৮৬-৭৩৯৮৩৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুনঃ জুয়া খেলে ট্রেনের টিকিট বিক্রির ৭ লাখ টাকা আত্মসাৎ
যোগাযোগ করা হলে নগরীর রাজপাড়া থানার সেকেন্ড অফিসার সেলিম রেজা বলেন, এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় তার সন্ধানে তথ্য ও ছবি পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু

