হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমের ডিও লেটার বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে চাঁদপুুুুরের হাজীগঞ্জে নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সম্মুখে অবস্থিত ভূমি অধিগ্রহণের দাবিতে এলাকাবাসীর পক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য খালেকুজ্জামানের সভাপতিত্বে রোটারী ক্লাব অব হাজীগঞ্জ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মুন্সী মোহাম্মদ মনির এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান মুন্সী।
বক্তব্যে তারা বলেন, হাজীগঞ্জ উপজেলায় হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ২৪২নং রায়চো মৌজায় ১.৫ একর ভূমির ওপর নির্মাণাধীন ‘হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’। ভবনটি বিলের মধ্যে নির্মাণাধীন হওয়ায় ভবিষ্যৎ প্রয়োজনে এপ্রোচ রাস্তা এবং প্রধান ফটক নির্মাণের জন্য ভবনের সম্মুখের ভূমি অধিগ্রহণ জনগুরুত্বপূর্ণ। এ ব্যাপারটি উল্লেখ করে শিক্ষামন্ত্রী, সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট বিভাগে ডিও লেটার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।
বিষয়টি জানতে পেরে ওই ভূমির মালিক পক্ষগণ, উল্লেখিত ভূমিতে বহুতল ভবন নির্মাণের জন্য তড়িঘড়ি শুরু করেন। গত শুক্রবার ভূমির মালিকপক্ষ বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন। এতে এলাকাবাসী বাধা দেয়।
‘ভূমির মালিক ও সরকারি স্বার্থ উভয় চাই’ উল্লেখ করে তারা আরো বলেন, ‘কারো ব্যক্তি স্বার্থ নয়, এলাকার আর্থ-সামজিক উন্নয়ন, নির্মিত ভবনের এপ্রোচ রাস্তা ও প্রধান ফটক নির্মাণে এবং প্রতিষ্ঠানের সৌন্দর্য্য রক্ষার্থে উক্ত ভূমি অধিগ্রহণ জরুরি। একটি চক্র তাদের হীন স্বার্থ চরিতার্থে ওই ভূমিতে তড়িঘড়ি করে বহুতল ভবন নির্মাণের পায়তারা চালিয়ে যাচ্ছে। তাই সংসদ সদস্যের ডিও লেটার বাস্তবায়নে জোর দাবি জানাচ্ছি।’
আরও পড়ুনঃ আলমডাঙ্গায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব হাজীগঞ্জের প্রেসিডেন্ট রোটা. জাফর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. শাহজামাল, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ হাছান মাহমুদ ও দপ্তর সম্পাদক আবুল কাশেম মুন্সী, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক এস.এম মিরাজ মুন্সী, কার্যকরি সদস্য শাখাওয়াত হোসেন শামীম। এ সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু

