চাঁদপুরের শাহরাস্তিতে ফেসবুকে সরকারবিরোধী স্টাটাস দেওয়ায় রেদওয়ানুল ইসলাম (২৫) নামে এক বিএনপি সমর্থককে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে তাকে নিজ বাড়ি উপজেলার সাংহাই গ্রাম থেকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ। রেদওয়ানুল ইসলাম সাংহাই গ্রামের আমির হোসেনের ছেলে। সে বিদেশ ফেরত।
আরও পড়ুনঃ স্বাধীনতার ৪৭ বছর পরেও দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রশ্নবিদ্ধ: সেলিম
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, গত ২৮ মার্চ রেদওয়ান তার ফেসবুকে ‘যে দেশে ১৯ তলায় ফায়ার সার্ভিসের মই লাগানো যায় না, সে দেশে মহাশূন্যে স্যাটেলাইট পাঠিয়ে লাভ কি?’ এমন স্ট্যাটাস দিয়ে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ট্যাগ করে। তিনি বিষয়টি আমাকে জানালে সেই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। অভিযুক্ত যুবক বিষয়টি স্বীকার করলে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে আদালতে পাঠানো হয়।
ইত্তেফাক/নূহু

