কলাপাড়ায় ধর্ষণের শিকার হয়েছেন এক নববধূ। বুধবার রাত সাড়ে আটটায় কলাপাড়া উপজেলার বেতমোর গ্রামের এ ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর অবস্থায় নববধূকে রাত সাড়ে ১১টায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী সুজন হাওলাদার বাদী হয়ে বেতমোর এলাকার দেলোয়ারের পুত্র রাসেল, রুস্তুম ফকিরের ছেলে রফিক, এছাহাক হাওলাদারের পুত্র খালেক এবং মন্নান গাজীর পুত্র জাফরের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।
মামলার বাদী ও গৃহবধূর স্বামী বরগুনা জেলার আমতলী উপজেলার চাওলালোদা গ্রামের সুজন হাওলাদার, ভিকটিমের খালা এবং বাড়ি মালিক রহিমা বেগম সূত্রে জানা যায়, বুধবার আমতলী থেকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে খালু শ্বশুর বশার খানের বাড়িতে নববধূকে নিয়ে বেড়াতে আসেন সুজন হাওলাদার। এদিন সন্ধ্যায় স্থানীয় বখাটে রাসেল, রফিক, খালেক এবং জাফর ওই বাড়িতে জোর করে প্রবেশ করে। তারা ওই দম্পত্তির বিয়ে হয়নি এমন দাবি করে ৫০ হাজার টাকা চাঁদা চায়। নাহলে মারধরসহ পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে ভয়ভীতি দেখায়।
এ সময় এক পর্যায়ে রফিক নামের বখাটে নববধূর সঙ্গে কথা বলার অজুহাতে তার মুখ চেপে ধরে ঘরের পাশে মাঠের মধ্যে নিয়ে তাকে ধর্ষন করে। এক পর্যায়ে নববধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষকসহ বখাটেরা পালিয়ে যায়।
ধর্ষণের শিকার ওই নববধূ কান্না বিজড়িত কন্ঠে বলেন, ‘ওদের হাত-পা ধরে আকুতি মিনতি করার পরও ওরা আমাকে ছাড়েনি!’
আরও পড়ুনঃ নবীনগরে ইউপি চেয়ারম্যানে বাড়িঘরে ভাংচুর-লুটপাট
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
ইত্তেফাক/নূহু

