মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাবুল মিজি (৫০) নামের এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টায় উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামে এ ঘটনা ঘটে। বাবুল উপাদী গ্রামের মৃত খলিল মিজির ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বাবুল মিজি দীর্ঘদিন ধরে এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক চালাতেন। সোমবার রাত ১১টায় ইজিবাইকের ব্যাটারি চার্জ করার জন্য তিনি তার বাড়ির পাশের আলী প্রধানের বাড়িতে যান। সে সময় গাড়ির ব্যাটারি চার্জ করার জন্য বিদ্যুতের প্লাগ সকেটে ঢুকাতে গিয়ে আচমকা তার আঙুল সকেটের ভেতর ঢুকে যায়। এতে তার সমস্ত শরীর বিদ্যুতায়িত হয় এবং ধাক্কা খেয়ে তিনি ঘরের মেঝেতে পড়ে যান।
তার চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে এগিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় লোকজন সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ রংপুরে তিন শিশুর বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ!
মতলব দক্ষিণ থানার ওসি একেএমএস ইকবাল জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু

