চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটি উল্টে একজন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের বিমর্ষী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের লাওঘাটা গ্রামের মৃত খোয়াজ উদ্দীনের ছেলে রমজান আলী (৫০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিকদার মো. মশিউর রহমান জানান, বৃহষ্পতিবার ভোরে লাওঘাটা হতে ভটভটিযোগে কয়েকজন শ্রমিক ধান কাটার জন্য বরেন্দ্র এলাকায় যাচ্ছিলেন। এ সময় চককীর্ত্তি-বিমর্ষী এলাকায় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে ভটভটির যাত্রী রমজান আলী ঘটনাস্থলেই নিহত হন। চালক শরিফুলসহ আরও কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ মনপুরায় ৭ নম্বর বিপদ সংকেত জারি
তিনি আরও জানান, খবর পেয়ে এস.আই রেজাউল করিম ঘটনাস্থলে গেলে নিহতের পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/নূহু

