ফরিদপুরের চরভদ্রাসনে মন্দিরের জায়গা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নারীসহ দুই পক্ষের ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার বিকেল আনুমানিক ৪টায় চরভদ্রাসন সদর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামে মাথাভাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দিরটি তিন শতাংশ জমির উপর ২০০৫ সালে স্থাপন করা হয়। এ মন্দিরের জায়গার মালিকানা নিয়ে ওই গ্রামের বাসিন্দা এবং মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুশীল কর্মকারের সঙ্গে একই গ্রামের বাসিন্দা এবং মন্দির ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ হরিপদ মণ্ডলের মধ্যে বিরোধ চলে আসছিলো।
সুশীল মণ্ডল ওই মন্দিরের জায়গাসহ পৌনে আট বিঘা জায়গা একই ইউনিয়নের বালিয়াডাঙ্গি গ্রামের কবির মোল্লার কাছে বিক্রি করে দেন। সম্প্রতি কবির মোল্লা ওই জায়গায় দখলে যাওয়ার উদ্যোগ নেন। এজন্য কবির মোল্লা সুশীল মণ্ডলকে ওই মন্দিরটি সরিয়ে নেওয়ার আবেদন জানান।
সুশীল মণ্ডল ও তার অনুসারীরা শনিবার দুপুরে মন্দিরটি সরিয়ে নেওয়ার জন্য মন্দিরের বেড়া খোলার কাজ শুরু করেন। এ খবর পাওয়ার পর হরিপদ মণ্ডল তার লোকজন নিয়ে মন্দির সরানোর কাজে বাধা দেন। মন্দির অপসারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ওই মন্দির কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১জন আহত হয়।
আরও পড়ুন: নিখোঁজের দুইদিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যে জায়গায় বর্তমানে মন্দির অবস্থিত ওই জায়গায় মন্দিরের কার্যক্রম চালানো কষ্টকর। এজন্য মন্দির কমিটির সভাপতিসহ অন্যরা মন্দিরটি অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু একটি পক্ষ এ সিদ্ধান্ত না মানায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
ইত্তেফাক/অনি

