সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি আসাদুল্লাহ আল গালিবকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার ভোরে সাতক্ষীরা সরকারি কলেজের কাছে রওশন আরা ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সে তার সহযোগীদের নিয়ে গোপন মিটিং করছিল দাবি করেছে পুলিশ।
আসাদুল্লাহ আল গালিব সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের খালেক গাইনের ছেলে ও সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের সেক্রেটারি।
সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গোপন সূত্রে খবর আসে যে, আসাদুল্লাহ আল গালিব (২৪) ওই ছাত্রাবাসে এসে গোপন মিটিং করছে। এ খবর পেয়ে তিনি তার সঙ্গে পুলিশের বেশ কয়েকজন সদস্য নিয়ে সেখানে হানা দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অনেকেই পালিয়ে গেলেও ধরা পড়ে যায় গালিব।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে বেশ কিছু সংখ্যক নিষিদ্ধ বইপত্র উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
এদিকে, আজ গালিবসহ জেলায় মোট গ্রেফতারের সংখ্যা ৫১ জন।
ইত্তেফাক/কেকে

